Advertisement

দলের নেতাকর্মীদের সতর্ক থেকে ঐক্যের আহ্বান জানালেন মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ শহরের জেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানে মন্ত্রী দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দলে মানুষের ভিড় বেড়েছে, তবে প্রকৃত কর্মী চিনতে সবাইকে সজাগ থাকতে হবে। শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সতর্কতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আফরোজা খানম রিতা আরও বলেন, বিগত নির্বাচন ও আগামী দিনের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হবে, তাই দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা এখন সময়ের দাবি। দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সরকারপ্রধান তারেক রহমানের পাশে দাঁড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি জোর দিয়েছেন। জাতীয় পর্যায়ে দলের লক্ষ্য অর্জনে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং মেহনতি মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ভেদাভেদ ভুলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%