Advertisement

বৈশ্বিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংযোগ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে পাকিস্তান

বৈশ্বিক ভূ-রাজনীতির পটভূমিতে পাকিস্তান ক্রমশ একটি গুরুত্বপূর্ণ ‘হিঞ্জ পাওয়ার’ বা নিয়ামক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্র, চীন, উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের সঙ্গে সুষম সম্পর্ক বজায় রেখে ইসলামাবাদ আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব বলয় বিস্তার করছে। পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় পাকিস্তান যে আরও সক্রিয় ভূমিকা পালনে আগ্রহী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজক হিসেবে ভূমিকা রেখে তা ইতোমধ্যে স্পষ্ট করেছে দেশটি।

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বকেই প্রতিফলিত করে। প্রতিবেদনের ভাষ্যমতে, ওয়াশিংটন ও বেইজিং—উভয় পরাশক্তির সঙ্গেই স্বার্থভিত্তিক অংশীদারিত্ব বজায় রাখার সক্ষমতা দেশটির অন্যতম প্রধান কৌশলগত শক্তি। এছাড়া উপসাগরীয় দেশসমূহ ও ইরানের সঙ্গে একই সময়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে পাকিস্তান বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, যা তাকে কোনো নির্দিষ্ট ব্লকের বলয়ে আবদ্ধ হতে দেয় না।

বিজ্ঞাপন

পাকিস্তানের নতুন অর্থনৈতিক কূটনীতির মূল লক্ষ্য হিসেবে ক্রিপ্টো ও খনিজ সম্পদের মতো খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সুযোগ তৈরির বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি মধ্য এশীয় দেশগুলোকে পাকিস্তানের সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নতুন নতুন বাজার উন্মোচনের পথ প্রশস্ত করবে এবং আঞ্চলিক বাণিজ্যকে আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সৌদি সমর্থন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে, যা ইসলামাবাদকে প্রতিবেশী অঞ্চলের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক স্তরে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে।

ইসলামাবাদের এই ক্রমবর্ধমান কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্র, চীন, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় দেশটির জন্য নতুন কৌশলগত পরিসর তৈরি করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে পাকিস্তানের কৌশলগত তাৎপর্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বিশ্বব্যাপী ‘রিস্ক বোর্ড’-এ দেশটি এখন একটি পৃথক ও গুরুত্বপূর্ণ স্থান পাওয়ার দাবি রাখে। প্রধান বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে সংযোগকারী হিসেবে পাকিস্তানের এই ভূমিকা আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%