নয়াদিল্লি ও ঢাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপিত

নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্স সাদ আহমদ ওয়ারাইচ, মিশনের অন্যান্য কূটনৈতিক কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা। হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে সাদ আহমদ ওয়ারাইচ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন।
অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে বক্তৃতাকালে সাদ আহমদ ওয়ারাইচ দ্বিজাতি তত্ত্বের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, উপমহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আকাঙ্ক্ষার ফসল হিসেবেই পাকিস্তানের জন্ম হয়েছিল। স্বাধীনতা দিবসের এই আয়োজনে শিশুরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং তাদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
একইভাবে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সেখানে হাই কমিশনার ইমরান হায়দার জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্টজন, সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রবাসী পাকিস্তানি নাগরিকরা উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে পাকিস্তানর রাষ্ট্রপতি, পাকিস্তানর প্রধানমন্ত্রী এবং পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের প্রেরিত বিশেষ বাণী পাঠ করা হয়। এছাড়াও পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ‘পাকিস্তানের ঐতিহাসিক স্থানসমূহ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
