পটুয়াখালীতে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সদরের সুবিদখালী এলাকায় এক আইনজীবীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জাকির হোসেন ফরাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাকির মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের সময় তিনি একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
ভুক্তভোগী আইনজীবী মো. সামিউল আলীম জানান, তিনি জাকির হোসেন ফরাজীর একটি মাদক মামলা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। গত ৯ আগস্ট আদালতে হাজিরা না দেওয়ায় জাকিরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বিষয়টি তাকে মুঠোফোনে অবহিত করা হয়। এই আক্রোশ থেকেই ওইদিন রাতে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় জাকির অতর্কিতে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলায় আইনজীবীর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে রয়েছেন। এই ঘটনায় আইনজীবী মো. সামিউল আলীম বাদী হয়ে জাকির হোসেন ফরাজীকে প্রধান আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবীকে হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
