Advertisement

কলকাতার স্বাধীনতা দিবসের মিছিলে জয়া আহসানকে নিয়ে বিতর্কের ঝড় শ্রীলেখার তোপে সরগরম টলিপাড়া

কলকাতার রাজপথে ১৫ই আগস্টের প্রাক্কালে আয়োজিত এক বর্ণিল মধ্যরাতের পদযাত্রাকে কেন্দ্র করে টলিপাড়ায় এখন জোর গুঞ্জন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ আয়োজনে ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল এবং ইন্দ্রাণী হালদারের মতো তারকাদের সাথে দেখা মিলল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। আর এই উপস্থিতিই যেন নতুন করে ঘি ঢেলেছে নেটদুনিয়ার বিতর্কে।

দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়েও জয়া আহসান কেন ভারতীয় স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত পদযাত্রায় অংশ নিলেন। জনৈক এক নেটিজেনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, যেখানে জয়ার নাগরিকত্ব এবং দেশপ্রেম নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।

বিজ্ঞাপন

এই বিতর্কে বরাবরের মতোই নিজস্ব ঢঙে সরব হয়েছেন টলিপাড়ার স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জয়াকে নিয়ে করা ওই নেটিজেনের পোস্টটি শেয়ার করে শ্রীলেখা শ্লেষাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, ‘ধর্ম, ধান্দা আর দেশপ্রেম, বাকিরা দেশদ্রোহী—সবই হিংটিংছট।’ শ্রীলেখার এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।

বিতর্ক বা সমালোচনা যাই থাক, জানা গেছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণেই এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন জয়া আহসান। এমনকি ঢাকায় ফেরার নির্ধারিত টিকিট বাতিল করে তিনি অংশ নিয়েছিলেন দেশাত্মবোধক গান পরিবেশন ও নারী নিরাপত্তা ও সমমর্যাদার বার্তা দেওয়া এই কর্মসূচিতে। শিল্পীর কাছে শিল্প ও সংহতির জায়গা যে কোনো ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে, জয়া আহসানের এই অংশগ্রহণ যেন তারই এক অনন্য নিদর্শন হয়ে রইল।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%