স্বাধীনতা দিবসে ৩৫৫ বিশিষ্টজনকে রাষ্ট্রীয় বেসামরিক পদক প্রদান করলেন প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ৩৫৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় বেসামরিক পদক প্রদানের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, জনসেবা, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা, শিল্পকলা ও ক্রীড়াসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব, আহাদ চিমা এবং বিলাল আজহার কিয়ানি, যারা ‘নিশান-ই-ইমতিয়াজ’ পদক পাচ্ছেন। এছাড়া সাহিত্যে অসামান্য অবদানের জন্য আসাদ মুহাম্মদ খানকে নিশান-ই-ইমতিয়াজ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুককে সম্মানসূচক ‘হিলাল-ই-পাকিস্তান’ পদকের জন্য সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞানের ক্ষেত্রে ছয়জন ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়েছে। এর মধ্যে শহিদ মাহমুদকে হিলাল-ই-ইমতিয়াজ, অধ্যাপক ড. জাফর ইলিয়াস ও অধ্যাপক ড. মুদাসসর ইসরারকে সিতারা-ই-ইমতিয়াজ এবং ড. সাজিদ হোসেন, ড. আনিলা জামির জাফরি ও ড. উরুজকে তামা-ই-ইমতিয়াজ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোয়াজ্জেম ইজাজ হিলাল-ই-ইমতিয়াজ এবং ড. মুহাম্মদ রাজা, ড. খালিদ মাসুদ গন্দল, ড. রশিদ আমজাদ ও ড. জাফর ইকবাল কাদির সিতারা-ই-ইমতিয়াজ অর্জন করেছেন।
চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ড. ফয়সাল সৌদ দারকে হিলাল-ই-ইমতিয়াজ এবং প্রয়াত অধ্যাপক ড. তাহির শামসী, অধ্যাপক ড. সৈয়দ জালাল রাজা ও প্রয়াত ড. নাঈম সালাহউদ্দিনকে সিতারা-ই-ইমতিয়াজ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। শিল্পকলা ও সাহিত্যে সুলতানা সিদ্দিকী, ইজাজ রহিম এবং মুহাম্মদ খুরশিদ-উল-হাসান রিজভিসহ আরও বেশ কয়েকজন প্রথিতযশা ব্যক্তিত্বকে বিভিন্ন ক্যাটাগরিতে সিতারা-ই-ইমতিয়াজ ও হিলাল-ই-ইমতিয়াজ পদকে ভূষিত করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য আতা মুহাম্মদ কাকার ও ওয়াসিম এ তাই সিতারা-ই-ইমতিয়াজ পাচ্ছেন। এছাড়া বশির ভোলা, কাশমালা তালাত, নূর জামান, সুলতান মুহাম্মদ গোল্ডেন, মুহাম্মদ ওয়াসিম ও সাদিক মুহাম্মদকে ‘প্রাইড অব পারফরম্যান্স’ এবং ফাইকা রিয়াজকে তামা-ই-ইমতিয়াজ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। সমাজকল্যাণ ও সাংবাদিকতায়ও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিত্বকে তাদের কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।
আইন ও প্রশাসনিক ক্ষেত্রে অবদানের জন্য আইবি ডিজি ফাওয়াদ আসাদুল্লাহ, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান, এফবিআর চেয়ারম্যান রশিদ মাহমুদ লাংরিয়াল এবং অর্থসচিব ইমদাদুল্লাহ বোসালের নাম হিলাল-ই-ইমতিয়াজের জন্য অনুমোদিত হয়েছে। এছাড়াও প্রকৌশল, জনকল্যাণমূলক পরিষেবা এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রেও বহু বিশিষ্টজনকে তামা-ই-ইমতিয়াজসহ বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে, যা স্বাধীনতা দিবসের এই আয়োজনে নতুন মাত্রা যুক্ত করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
