দেবী ছিন্নমস্তার সাজে বিতর্কিত পারফরম্যান্সের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নৃত্যশিল্পী দেবরাজ চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক বিতর্কিত নৃত্য পরিবেশনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। ‘দশ মহাবিদ্যা’র একটি বিশেষ পর্বে দেবী ছিন্নমস্তার ভূমিকায় নৃত্যশিল্পী দেবরাজ চৌধুরীর মঞ্চ উপস্থাপন নেটপাড়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। পারফরম্যান্সের সময় চুল সরিয়ে শারীরবৃত্তীয় অঙ্গভঙ্গির দৃশ্যটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর মতো মঞ্চে আলো ছড়ানো কলকাতার এই নৃত্যশিল্পীর এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য ক্ষুব্ধ নেটিজেনরা।
বিতর্কের পারদ চড়তেই নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন দেবরাজ। তিনি জানিয়েছেন, উত্তেজনার বশে এবং তাৎক্ষণিক আবেগের তাড়নায় তিনি এমনটি করেছেন, যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ছিল না। ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে দেবরাজ দাবি করেন, মঞ্চের ওই বিশেষ ভঙ্গি বা মুভমেন্টটি ছিল একান্তই তার নিজস্ব ভুল, যার সাথে আয়োজক বা প্রযোজনা সংস্থার কোনো সংশ্লিষ্টতা নেই।
দেবরাজের ভাষ্যমতে, ছিন্নমস্তা চরিত্রের সাজসজ্জা এবং খোলামেলা পোশাকটি ছিল অনুষ্ঠানের নির্দেশনার অংশ। তবে চুল সরিয়ে শরীরের নিম্নাংশ প্রদর্শন করার বিষয়টি কোনো পরিকল্পনায় ছিল না। তিনি স্বীকার করেছেন, এটি তার ব্যক্তিগত ভুল এবং ভাইরাল হওয়ার কোনো অভিপ্রায় তার ছিল না। বর্তমানে এই পারফরম্যান্সের জন্য তাকে একাধিক হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
এদিকে নেটিজেনদের একাংশ দেবরাজের নাচের দক্ষতার প্রশংসা করলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করার দায়ে তার কঠোর সমালোচনা করছেন। অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। সব মিলিয়ে, মঞ্চে দেবীরূপ ধারণ করে বিনোদনের নামে এমন দৃষ্টিকটু পরিবেশনা এখন বিনোদন অঙ্গনে এক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিজের ভুল স্বীকার করলেও দর্শক-শ্রোতাদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।
