Advertisement

পটিয়ায় ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার পাচুরিয়া এলাকায় আয়োজিত এক মানববন্ধন থেকে স্থানীয়রা এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত মোহাম্মদ তোহা উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকার মৃত আবুল বশরের ছেলে ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে তুচ্ছ ঘটনা ও কলা চুরির প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তোহার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে নিহতের মেয়ে মোছাম্মৎ মারওয়া, বোন রোকেয়া বেগম, সাতারা বেগম এবং ভাগিনা শওকত বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় নিহতের মেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, বাবার হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা বিচারহীনতার সুযোগে এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করা না হলে খুনিরা ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সব আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকল খুনিকে গ্রেপ্তার করা না হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%