রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন দলীয় পদ ছাড়লেন বিএনপি মহাসচিব

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর তিনি মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবিধানিক জটিলতার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পরিচালনা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলে বর্ণিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ নিতে হবে এবং এই দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়ভার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর বর্তাবে।
আইনজ্ঞদের মতে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদকের হাতেই শপথ নিতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এহেন সাংবিধানিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক প্রেক্ষাপট এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
