চোখের চিকিৎসার অনুমতির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখের জটিল চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিদেশযাত্রার আবেদন নাকচ করে দেওয়ার পর, সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ৩ আগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

শীর্ষ আদালতে দাখিল করা আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তিনি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে শুরু থেকেই কেন্দ্রীয় সংস্থাকে পূর্ণ সহযোগিতা করে আসছেন। আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে চোখের গুরুতর সমস্যায় ভুগলেও তাঁকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে তিনি আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, বিদেশে যাওয়ার অনুমতির আগে নিশ্চিত হতে হবে যে সেই চিকিৎসা ভারতেই সম্ভব নয়। বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে, তিনি কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেছিলেন কি না। প্রয়োজনে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি যুক্তি দেন, একাধিক মামলায় নাম থাকায় এই মুহূর্তে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। সেই যুক্তির প্রেক্ষিতে হাইকোর্ট আইনি সুরক্ষা বা রক্ষাকবচের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করলেও বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। ইতিপূর্বে চিকিৎসার প্রয়োজনে তিনি হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে একাধিকবার অস্ত্রোপচার করিয়েছেন। এখন ৩ আগস্টের শুনানিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইনি মহল।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%