ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে বড় রদবদল ফিল্ডিং কোচের দৌড়ে এগিয়ে শুভদীপ ঘোষ

ভারতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মঙ্গলবার বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী শ্রীলঙ্কা সফরের আগেই নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সইকিয়া জানান, নতুন ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে দুই-তিনটি নাম নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে এবং খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ক্রিকেট পাড়ায় জোর জল্পনা চলছে যে, এই পদে দায়িত্ব পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন শুভদীপ ঘোষ। এর আগে তিনি ভারত ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় মহিলা দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন।
রায়ান টেন ডেসকাটের বিদায়ের পেছনে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সমীকরণের অভাবকে বড় করে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে, গম্ভীরের অনুরোধে দলে যোগ দিলেও নির্দিষ্ট কোনো ভূমিকা না পাওয়ায় গত দুই বছর ধরে তিনি অস্বস্তিতে ছিলেন। দায়িত্ব নিয়ে অস্পষ্টতার কারণেই তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে বোর্ড সূত্রে খবর মিলেছে।
অন্যদিকে, ফিল্ডিং কোচ টি দিলীপের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিল না বিসিসিআই। ২০২৫ সালের ইংল্যান্ড সফরের আগে এক বছরের জন্য তাঁর চুক্তি নবায়ন করা হলেও, সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে দলের দুর্বল ফিল্ডিং পারফরম্যান্স তাঁর বিদায়ের পথ প্রশস্ত করেছে। মূলত একজন সিনিয়র তারকার অনুরোধে তাঁর মেয়াদ বাড়ানো হলেও বর্তমান পরিস্থিতিতে বোর্ড নতুন কোনো মুখ খুঁজছে।
নতুন ফিল্ডিং কোচ হিসেবে আলোচনায় থাকা শুভদীপ ঘোষের ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৬৮ সালে অসমের ডিগবইয়ে জন্ম নেওয়া এই প্রাক্তন ক্রিকেটার অসম ও রেলওয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতা দেখিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি রাহুল দ্রাবিড়ের অধীনে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।
গত ছয়-সাত বছর ধরে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরে শুভদীপের পদচারণা রয়েছে। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচিং স্টাফের সদস্য ছিলেন। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে ২০১৪ সালে দলের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকেই নতুন ফিল্ডিং কোচের অধীনে ফিল্ডিংয়ের মানোন্নয়নে মনোযোগ দিতে চাইছে বিসিসিআই।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস