মেঘনা অববাহিকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নোবিপ্রবিতে জলবায়ু সহিষ্ণু কৃষি বিষয়ক সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু সহিষ্ণু কৃষি, গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গবেষক ও বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে খাদ্য নিরাপত্তা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ভবিষ্যতে খাদ্য নিশ্চয়তা বজায় রাখতে আমাদের এখনই জলবায়ু সহিষ্ণু ফসলের জাত নির্বাচন ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তি গ্রহণের ওপর জোর দিতে হবে।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনের পরিচালক মির্জা শওকত আলী, নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি। বক্তারা জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাকে ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

0%
0%
0%
0%