ফরাসি সংস্থার সঙ্গে বড় চুক্তিতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড

আন্তর্জাতিক বিমান শিল্পে নিজেদের সক্ষমতার আরও এক ধাপ উন্নতি ঘটাল রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও বিমান নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। বুধবার যুক্তরাজ্যের ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশোতে ফরাসি বিমান ইঞ্জিন নির্মাতা সংস্থা সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিনসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। এই সমঝোতার আওতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক বিমান ইঞ্জিন সিএফএম লিপ-এর জন্য অত্যাবশ্যকীয় টারবাইন রিং ফোরজিং তৈরি ও সরবরাহ করবে হ্যাল।

বিজ্ঞাপন

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে অবস্থিত হ্যালের ফাউন্ড্রি অ্যান্ড ফোরজ ডিভিশনের অত্যাধুনিক রিং রোলিং ইউনিটে এই যন্ত্রাংশগুলো প্রস্তুত করা হবে। বিশেষ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ধাতু বা সুপারঅ্যালয় ব্যবহারের মাধ্যমে তৈরি এই টারবাইন রিংগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রাতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। ইঞ্জিনের কর্মক্ষমতা, নিরাপত্তা এবং সামগ্রিক নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে এই যন্ত্রাংশের ভূমিকা অনস্বীকার্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হ্যালের পক্ষে ফাউন্ড্রি অ্যান্ড ফোরজ ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রবীণ বি এবং সাফরানের পক্ষে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডমিনিক ডুপুই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময় হ্যালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবি কে এবং বেঙ্গালুরু কমপ্লেক্সের সিইও জয়কৃষ্ণন এস উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের আস্থার সম্পর্কের প্রতিফলন হিসেবে এই নতুন চুক্তিকে দেখছেন হ্যাল কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর পরবর্তী প্রতিক্রিয়ায় হ্যালের চেয়ারম্যান রবি কে জানান, আন্তর্জাতিক বিমান নির্মাতা সংস্থাগুলোর ক্রমবর্ধমান আস্থা হ্যালের প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদন দক্ষতার পরিচয় বহন করে। তিনি আরও উল্লেখ করেন, লিপ ইঞ্জিন কর্মসূচিতে অংশগ্রহণ আন্তর্জাতিক অসামরিক বিমান শিল্পে সংস্থার অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এটি ভবিষ্যতে ভারতে উন্নত বিমান ইঞ্জিন তৈরির প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পথকে প্রশস্ত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডমিনিক ডুপুই জানান, বিশ্বজুড়ে সিএফএম লিপ ইঞ্জিনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। হ্যালের সঙ্গে এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব সেই কৌশলেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের বিমান ও মহাকাশ শিল্পের জন্য এই চুক্তি এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%