মিরপুরে শিশু লামিয়াকে ধর্ষণ ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর

রাজধানীর মিরপুরের ওয়াবদা ক্যাম্পে শিশু লামিয়াকে নির্মমভাবে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। সোমবার সকালে তিনি মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থিত ভুক্তভোগী পরিবারটির সঙ্গে দেখা করেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
সরেজমিনে গিয়ে প্রতিমন্ত্রী শোকার্ত পরিবারটিকে সান্ত্বনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ভুক্তভোগী পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা প্রদান করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, এই বর্বরোচিত অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি, বর্তমানে চিকিৎসাধীন শিশু লামিয়ার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসার সমুদয় ব্যয় ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব গ্রহণ করেছেন মো. আমিনুল হক। অমানবিক এ ঘটনার পর প্রশাসন ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।