আরজি কর কাণ্ডে ফরেন্সিক নমুনা বদলের অভিযোগ, তদন্তে নামল সিবিআই

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তে নতুন মোড় নিল। সম্প্রতি নিহতের বাবার কাছে আসা একটি বেনামি চিঠিতে ফরেন্সিক পরীক্ষার নমুনা বিকৃতি ও পরিবর্তনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিয়ালদহ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠিটির মূল কপি গ্রহণ করে ঘটনার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

আবেদনকারী পক্ষের আইনজীবী অমর্ত্য দে জানিয়েছেন, চিঠিতে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত স্পর্শকাতর। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তদন্তের স্বার্থে এই অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা প্রয়োজন। আদালতের নির্দেশে শিয়ালদহ আদালতের জিআরও সংশ্লিষ্ট চিঠিটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করবেন, যাতে সংস্থাটি তাদের চলমান তদন্তের অংশ হিসেবে এটি যুক্ত করতে পারে।

চিঠিতে দাবি করা হয়েছে, নিহতের শরীর থেকে সংগ্রহ করা লিভার, কিডনি ও পাকস্থলির নমুনা পরীক্ষার মাধ্যমে কোনো বিষক্রিয়া বা নেশাজাতীয় দ্রব্যের প্রভাব ছিল কি না, তা শনাক্ত হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে যে, সেই গুরুত্বপূর্ণ ফরেন্সিক নমুনা হয় নষ্ট করে ফেলা হয়েছে, নতুবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলে দেওয়া হয়েছে। এমনকি রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে কেন্দ্রীয় পরীক্ষাগারে নমুনা স্থানান্তরের সময়ও তাতে কারচুপি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তিলোত্তমার পরিবার এই অভিযোগ পাওয়ার পর ঘটনার নিরপেক্ষ ও বিশদ তদন্তের আর্জি জানিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন। আদালতের এই সাম্প্রতিক নির্দেশের ফলে এখন ভিসেরার নমুনা বদল সংক্রান্ত অভিযোগটিও সিবিআইয়ের তদন্তের আওতায় এল। আরজি কর কাণ্ডে তথ্য গোপন ও প্রমাণ নষ্টের যে অভিযোগ দীর্ঘসময় ধরে জনমানসে দানা বেঁধেছিল, এই নতুন ঘটনায় তা আরও জোরালো হয়ে উঠল।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, চিঠিতে উল্লিখিত অভিযোগগুলোর সত্যতা এখনও নিরপেক্ষভাবে প্রমাণিত হয়নি। আদালতের নির্দেশের পর এখন সিবিআই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখবে। তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ এবং ফরেন্সিক নথিপত্র বিশ্লেষণের ওপরই নির্ভর করবে এই অভিযোগের বাস্তবতা এবং মামলার ভবিষ্যৎ গতিপথ।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%