যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে ফেরার আহ্বান পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা পুনরুজ্জীবনের চেষ্টা অব্যাহত

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি ও উত্তেজনা হ্রাসের লক্ষণ দেখা দিলেও পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। পাকিস্তান মনে করে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র কার্যকর পথ হলো পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বৈরিতা নিরসনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় সব ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

মুখপাত্র তাহির আন্দরাবি আরও জানান, গত ২২ জুন পাকিস্তান ও কাতারের মধ্যকার যৌথ বিবৃতিতে যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামাবাদ নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসন এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে দুই পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ রক্ষা করছে পাকিস্তান সরকার। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার মাধ্যমে ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধান করাই এখন প্রধান লক্ষ্য।

উল্লেখ্য যে, গত ১৮ জুন হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য সংকটের সামগ্রিক সমাধানে পথ তৈরির উদ্দেশ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সামরিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই কূটনৈতিক অগ্রগতির পথ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও, সংঘাতের উত্তাপ কমিয়ে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান তার মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখবে বলে মুখপাত্র পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%