উচ্চতাজনিত শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভায়াগ্রা সেবনের জল্পনা উড়িয়ে দিলেন টমাস টুচেল

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব সিক্সটিনের মহারণে নামার আগে জোড়া আতঙ্কে দিন কাটছে ইংল্যান্ড শিবিরের। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে হ্যারি কেনদের প্রতিপক্ষ মেক্সিকো, যারা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। তবে মাঠের লড়াইয়ের চেয়েও ইংলিশদের বড় উদ্বেগের কারণ মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই আইকনিক স্টেডিয়ামে ফুটবল খেলা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

বিষয়টির জটিলতা অনুধাবন করা যায় পরিস্থিতির প্রেক্ষাপটে। এর আগে রাউন্ড অব থার্টি-টু-এর ম্যাচটি ইংল্যান্ড খেলেছিল আমেরিকার আটলান্টায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১,০৫০ ফুট উঁচুতে অবস্থিত। মাত্র কয়েকদিনের ব্যবধানে এতটা উচ্চতার পার্থক্যের সঙ্গে মানিয়ে নেওয়া ইংলিশ ফুটবলারদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় এই প্রতিকূল পরিবেশ নিয়েই তাদের মেক্সিকোর মুখোমুখি হতে হবে।

উচ্চতাজনিত এই সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা একটি অদ্ভুত পরামর্শ দিয়েছিলেন। তাদের মতে, উচ্চতার সঙ্গে লড়াই করতে ফুটবলাররা ভায়াগ্রা সেবন করতে পারেন। গবেষণায় দেখা গেছে, ভায়াগ্রার রক্ত সঞ্চালনের ক্ষমতা অধিক উচ্চতায় সাইকেল চালকদের শারীরিক সক্ষমতা ও হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ফিফার ডোপিং বিধিনিষেধের আওতাভুক্ত নয় বলে এই ওষুধ ব্যবহারের প্রস্তাবটি আলোচনায় এসেছিল।

তবে ইংল্যান্ডের কোচ টমাস টুচেল এমন সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উচ্চতাজনিত সমস্যায় ভায়াগ্রা সেবনের গুঞ্জন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হেসে উড়িয়ে দেন। কোচ সাফ জানিয়ে দিয়েছেন, এমন কোনো বৈজ্ঞানিক তথ্য বা প্রস্তাব তাদের কাছে নেই এবং দলের ফুটবলারদের ভায়াগ্রা সেবনের পরিকল্পনা একেবারেই অমূলক।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%