AdvertisementAdvertisement

কমলনুগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনর্মিলনী ও মশাল মিছিল ঘিরে উত্তেজনা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মধ্যরাতে মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নে গোপনে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই ঘরোয়া আয়োজন সম্পন্ন হয়। রাত ১১টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি উস্কানিমূলক রাজনৈতিক স্লোগান ব্যবহার করে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

পরবর্তীতে রাত ১টার দিকে একই ফেসবুক আইডি থেকে আরও একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগের মশাল মিছিলের দৃশ্য ফুটে ওঠে। শেখ হাসিনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি সংবলিত ক্যাপশন দিয়ে পোস্ট করা এই ভিডিওগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে জননিরাপত্তা নিয়ে শঙ্কা ও ক্ষোভ দানা বেঁধেছে।

পুরো বিষয়টি নিয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তাদের এমন কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

0%
0%
0%
0%