ইরানে নিখোঁজ ১২ তরুণ: গুজরাটে মানবপাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

ইরানে ১২ জন পাকিস্তানি যুবকের রহস্যজনক অন্তর্ধানের ঘটনার রেশ ধরে দেশজুড়ে অবৈধ অভিবাসন ও মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপির তথ্য অনুযায়ী, ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য আহসান আলি খানকে গুজরাট শহর থেকে গ্রেফতার করেছে সংস্থাটি।
এফআইএ জানিয়েছে, ধৃত আহসান আলি খান এমন একটি শক্তিশালী মানবপাচারকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল, যারা ইরানে নিখোঁজ হওয়া পাকিস্তানি নাগরিকদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। বর্তমানে তার সঙ্গে সম্পৃক্ত আর্থিক লেনদেন এবং পাচারকারী চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে তদন্তকারীরা।
এরই মধ্যে পৃথক আরেকটি অভিযানে আতিফ মাহমুদ বাট নামে এক ব্যক্তিকে আটক করেছে এফআইএ। তার বিরুদ্ধে অভিযোগ, ফ্রান্সের বৈধ কাজের ভিসার প্রলোভন দেখিয়ে এক নাগরিকের কাছ থেকে ২১ লাখ ৪৫ হাজার পাকিস্তানি রুপি অর্থাৎ ৭ হাজার ৭১৫.৮০ ডলার আত্মসাৎ করেছেন তিনি।
গ্রেফতারকৃত উভয় অভিযুক্তকেই বর্তমানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। অবৈধ অভিবাসনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করার এই প্রবণতা রোধে পাকিস্তান সরকারের নিরাপত্তা বাহিনীগুলো দেশজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ