২৭ বছর পর ইউরোপে বিরল সূর্যগ্রহণ, অন্ধকারে নিমজ্জিত হবে উত্তর গোলার্ধের বিশাল জনপদ

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের আকাশে বুধবার এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছেন কোটি মানুষ। আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই মহাজাগতিক ঘটনায় দিনের আলো হারিয়ে হঠাৎ অন্ধকার নেমে আসবে পৃথিবীজুড়ে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে প্রায় দুই মিনিট।
আর্কটিক অঞ্চল থেকে চন্দ্রছায়া পৃথিবীর পৃষ্ঠ ঘেঁষে এগিয়ে যাবে ইউরোপের দিকে। পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে স্পেনের ওপর দিয়ে এর পথ যাবে। এই বিশেষ ক্ষণটিতে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ দিনের আলোয় রাতের অন্ধকার প্রত্যক্ষ করবে। পর্তুগালের একটি ছোট অংশসহ এই অঞ্চলের মানুষ সূর্যকে পুরোপুরি ঢাকা অবস্থায় দেখতে পাবেন।
ইউরোপের বেশিরভাগ অংশে এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে দৃশ্যমান হবে। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকা, কানাডা এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলেও এর প্রভাব পড়বে। বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ, অর্থাৎ প্রতি আটজনে একজন এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে প্যারিসে ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশ অন্ধকার হয়ে সূর্যের বাইরের অংশ বা করোনা দৃশ্যমান হবে। স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়া শহরগুলো এই পূর্ণগ্রাসের মূল কেন্দ্রের ভেতর পড়ায় সেখানে প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী এই বিস্ময়কর দৃশ্য দেখা যাবে। মাদ্রিদ ও বার্সেলোনায় যদিও পূর্ণগ্রাস হবে না, তবে সেখানেও ৯৯ শতাংশ সূর্য ঢাকা পড়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। শুধুমাত্র যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, কেবল সেই কয়েক মুহূর্তই খালি চোখে দেখা নিরাপদ। এছাড়া বাকি সময় অবশ্যই বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার করতে হবে। ক্যামেরার সেন্সর রক্ষার্থে ফিল্টার ব্যবহার করা অপরিহার্য এবং সূর্য পুনরায় উঁকি দেওয়ার সাথে সাথেই ফিল্টার পুনরায় লাগিয়ে নিতে হবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বুধবার বাংলাদেশ সময় ১৭:১৫ জিএমটি থেকে এই সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে। এরপর আগামী বছর ২ আগস্ট পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের ওপর দিয়ে অতিক্রম করবে।
তথ্যসূত্র: আল জাজিরা
