ইয়েমেনে মার্কিন হামলায় এক বছরে ১৫৩ বেসামরিক নাগরিকের মৃত্যু স্বীকার পেন্টাগনের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের ভয়াবহ এক তথ্য উঠে এসেছে পেন্টাগনের এক পর্যালোচনায়। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর মার্কিন বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে, যা দেশটির কংগ্রেসের কাছেও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।
পেন্টাগনের তথ্যমতে, গত এপ্রিলে ইয়েমেনে চালানো তিনটি পৃথক বিমান হামলায় এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে রাজধানী সানার আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দরে চালানো হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ। শুধু রাস ইসার অভিযানেই ৮০ জনের প্রাণহানি ও ১৭১ জন আহতের ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলের জ্বালানি সরবরাহ ও হুতিদের আয়ের উৎস ধ্বংসের অজুহাতে চালানো হয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হুতিদের সামরিক সক্ষমতা হ্রাস ও লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ করতেই এই অভিযান চালানো হয়েছিল। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং মুক্ত উৎস থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বীকার করা হয়েছে যে, এসব হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বাস্তব। দুঃখজনকভাবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনো ধরনের সান্ত্বনা পুরস্কার বা ক্ষতিপূরণ প্রদানকে ‘যৌক্তিক নয়’ বলে অভিহিত করেছে পেন্টাগন।
অতীতের বিভিন্ন ঘটনায় মার্কিন বাহিনী ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও ইয়েমেনের ক্ষেত্রে এমন কোনো উদ্যোগ না নেওয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর আগে আফগানিস্তানে ড্রোন হামলায় বেসামরিক মৃত্যুর ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর অনুতপ্ত হয়ে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেন্টাগন নীতিগত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য দায়িত্বপ্রাপ্ত কার্যালয়ের আকার সংকুচিত করার পর।
ইয়েমেনে এই অভিযানের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চলমান অন্যান্য সামরিক তৎপরতা নিয়েও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইরানে সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জনের মৃত্যুসহ বেশ কিছু ঘটনার দায়ভার নিয়ে মার্কিন প্রশাসনের সমালোচনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এদিকে পেন্টাগন বর্তমানে আরও ১৫টি ঘটনার তদন্ত করছে, যেগুলোতে বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা।
তথ্যসূত্র: আল জাজিরা
