Advertisement

পরিণীতা ধারাবাহিকে রহস্যময় চরিত্রে সঞ্চারী মণ্ডলের আগমন পারুলের সংসারে নতুন সংকট

জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-র গল্পে এখন টানটান উত্তেজনা। কাহিনির মোড় অনুযায়ী, পারুল যখন মাতৃত্বের এক মধুর অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে, ঠিক তখনই রায়ানের জীবনে ফিরে এল তার অতীতের এক অন্ধকার অধ্যায়। সম্প্রতি একটি রহস্যময় পোস্টার প্রকাশ্যে আসতেই রায়ানের জীবনে নেমে এসেছে অস্বস্তি, যা নজর এড়ায়নি পারুলের। এই উত্তাল পরিস্থিতির মাঝেই ধারাবাহিকে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী মণ্ডল।

এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অনবদ্য অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সঞ্চারী। তবে ‘পরিণীতা’-য় তিনি ধরা দিচ্ছেন একদম ভিন্ন মেজাজে। এখানে তার অভিনীত চরিত্রটির নাম মনালী মুখোপাধ্যায়, যা পুরোপুরি একটি নেতিবাচক চরিত্র। এই মনালীর সঙ্গেই জড়িয়ে রয়েছে রায়ানের জীবনের সেই অতীত অধ্যায়, যা এতদিন সে আড়ালে রেখেছিল। এই চাপা গুঞ্জনেই এখন সরগরম ধারাবাহিকের অন্দরমহল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পারুলের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়েও রায়ানের থমকে যাওয়ার নেপথ্যে কি তবে এই মনালীরই ভূমিকা ছিল? রায়ানের অতীতের কালো ছায়া কি শেষ পর্যন্ত তছনছ করে দেবে তাদের সাজানো সংসার? ঠিক কোন গোপন সত্য আড়াল করে রেখেছে রায়ান, তা নিয়ে দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন।

ছোটপর্দায় প্রিয় অভিনেত্রীকে আবারও নতুনরূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। পর্দায় সঞ্চারীর এই নতুন অবতার ধারাবাহিকের গল্পে কতটা নাটকীয় মোড় আনে এবং দর্শকদের মনে তিনি কতটা দাগ কাটতে পারেন, সেটাই এখন সময়ের অপেক্ষা। ধারাবাহিকের আসন্ন পর্বগুলো যে টানটান উত্তেজনায় ভরপুর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%