ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে মাছ বিক্রেতা নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান নামে এক মাছ বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী আমিনুর রহমান নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাছ বিক্রি শেষে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় আলমসাধুসহ তিনি সড়কের পাশের একটি ডোবায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
