পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সাবেক কর্মকর্তাদের সতর্কবার্তা

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সাড়শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক, কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করে এই ‘বসতি স্থাপনকারী সন্ত্রাস’ রুখতে জোরালো আহ্বান জানিয়েছেন।
‘কমান্ডারস ফর ইসরায়েলস সিকিউরিটি’ বা সিআইএস নামক একটি সংগঠনের ব্যানারে প্রায় ৫৫০ জন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও জেনারেলদের পাশাপাশি মোসাদ, শিন বেট এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। চিঠিতে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এই সহিংসতা দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা না হলে তা পুরো অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে, যা ইসরায়েলের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে।
চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বর্তমান ইসরায়েলি সরকারের কিছু সদস্য এই অরাজকতা উসকে দিচ্ছেন এবং বসতি স্থাপনকারীদের আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে রাখছেন। অবসরপ্রাপ্ত এই নিরাপত্তা কর্মকর্তাদের মতে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার চেয়েও বেশি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
সোমবার পশ্চিম তীরের তাল শহরে গোলাগুলির ঘটনায় দুই ইসরায়েলি ও চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সিআইএস মনে করে, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি নেতানিয়াহুর ওপর প্রভাব খাটিয়ে এই ক্রমবর্ধমান সংঘাত নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি নিরাপত্তা খাতের প্রবীণ এসব কর্মকর্তার এই সতর্কবার্তা নির্দেশ করছে যে, বসতি স্থাপনকারীরা বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর কর্তৃত্ব ফলাচ্ছে। এতে একদিকে যেমন পুরো অঞ্চলে অস্থিরতা বাড়ছে, তেমনি খোদ ইসরায়েলি সৈন্যরাও চরম ঝুঁকির মুখে পড়ছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর এটি সপ্তম হোয়াইট হাউস সফর, আর এমন নাজুক সময়ে নিরাপত্তা কর্মকর্তাদের এই চিঠি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা