পেকুয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পেকুয়া চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের বিশেষ মোনাজাতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ ভূমিকার ওপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, পশ্চিমজোন বিএনপির আহ্বায়ক শাহনেওয়াজ আজাদ এবং সদস্য সচিব আবদুল মোনাফ।
সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা এবং সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।