জরুরি সেবায় বিঘ্ন ঘটানোয় যুক্তরাষ্ট্রে ১০৫টি স্বয়ংক্রিয় গাড়ি ফিরিয়ে নিচ্ছে জুক্স

জরুরি উদ্ধারকাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের মুখে যুক্তরাষ্ট্রের বাজারে থাকা নিজস্ব ১০৫টি স্বয়ংক্রিয় বা চালকবিহীন যান প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমাজনের অঙ্গপ্রতিষ্ঠান জুক্স। মূলত ঘন ধোঁয়া শনাক্ত করতে ব্যর্থতা এবং জরুরি সেবাদানকারী কর্মীদের কাজে বাধা সৃষ্টির আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২০ জুন জুক্সের একটি চালকবিহীন যান এমন এক এলাকায় প্রবেশ করে, যেখানে ঘন ধোঁয়ার কারণে একটি অগ্নিনির্বাপক কার্যক্রম চলছিল। যানটি হঠাৎ জরুরি পরিস্থিতিতে ব্রেক কষে এবং দিক পরিবর্তনের চেষ্টা করে। পরবর্তী সময়ে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে যানটিকে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থলে ট্রাফিক কোন স্থাপন করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি তাদের সফটওয়্যারে নতুন হালনাগাদ আনার পরিকল্পনা করেছে, যা ভবিষ্যতে ধোঁয়া শনাক্তকরণে সক্ষমতা বাড়াবে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বা এনএইচটিএসএ জানিয়েছে, চালকবিহীন যানগুলো নিয়মিত জরুরি সেবাদানকারী বাহিনীর পথে বাধা সৃষ্টি করছে। সংস্থাটির প্রধান জোনাথন মরিসন সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন যে, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের পথ আটকে দেওয়া, অগ্নিসংকেত বা জ্বলন্ত ফ্লেয়ার শনাক্ত করতে ব্যর্থ হওয়া এবং ট্রাফিক আইন না মানার মতো ঘটনাগুলো জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
চলতি মাসের শেষ দিকে এনএইচটিএসএ স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে। এর আগে ডালাসে ওয়ামো প্রতিষ্ঠানের একটি চালকবিহীন যান অগ্নিনির্বাপক কর্মীদের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এছাড়া স্কুল বাসের থামার সংকেত অমান্য করে এগিয়ে যাওয়ার মতো আইন লঙ্ঘনের ঘটনাগুলোও বর্তমানে তদন্তাধীন রয়েছে। জোনাথন মরিসনের মতে, জরুরি সেবাদানকারী কর্মীদের সঙ্গে নিরাপদ সমন্বয় বজায় রাখতে ব্যর্থ কোনো প্রযুক্তিনির্ভর যান জনসাধারণের জন্য কখনোই নিরাপদ নয়।
তথ্যসূত্র: আল জাজিরা