AdvertisementAdvertisement

জাফোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর

ইউক্রেনে চলমান যুদ্ধের আবহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর মধ্যস্থতায় কেন্দ্রটির জরুরি মেরামতের কাজ সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার সকাল থেকে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী এই সংঘাতে জাপোরিঝিয়া কেন্দ্রটির নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে পরিণত হয়েছে।

পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলটি বর্তমানে যুদ্ধের সম্মুখভাগ হওয়ায় সেখানে নিয়মিত স্থলযুদ্ধ, ড্রোন হামলা এবং তীব্র গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো সাময়িক যুদ্ধবিরতির ব্যবস্থা করলেন আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পারমাণবিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে দিনিপ্রোভস্কা বিদ্যুৎ সংযোগ লাইন মেরামতের জন্য মস্কো ও কিয়েভ উভয় পক্ষই লড়াইয়ে বিরতি দিতে সম্মত হয়েছে। গত দুই মাস ধরে কেন্দ্রটি বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় এর ছয়টি শাটডাউন রিঅ্যাক্টর শীতল রাখার জন্য একটি মাত্র লাইনের ওপর নির্ভর করতে হচ্ছিল, যা চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে যুদ্ধবিরতির শুরু পর্যন্ত সহিংসতা ছিল অব্যাহত। শুক্রবার ভোরে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় এক নারী নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জরুরি পরিষেবা বিভাগের তথ্য থেকে জানা গেছে। এছাড়া কিয়েভের অদূরে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে রাশিয়ার ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক। খেরসন শহরে ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং কোনতোপ শহরে রুশ হামলায় তিন শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement
বিজ্ঞাপন

ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। পুতিন স্পষ্ট করেছেন যে, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। একদিকে জাপোরিঝিয়া কেন্দ্র ঘিরে পারমাণবিক বিপর্যয়ের আতঙ্ক, অন্যদিকে দেশজুড়ে রুশ বাহিনীর বিধ্বংসী আক্রমণ ইউক্রেনের পরিস্থিতিকে দিন দিন আরও নাজুক করে তুলছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%