ট্রাম্পের ঘোষণা: ইরান যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ইরানের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তি মেনে না নিলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। একই সাথে তিনি আগামী সোমবার ইরানের সাথে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদলকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাঠানোর ঘোষণা দিয়েছেন।
সমাজমাধ্যমে এক পোস্টে ট্রাম্প রবিবার এই ঘোষণা দিলেও, ইসলামাবাদে পাঠানো প্রতিনিধিদলে কোন কর্মকর্তারা থাকছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গত এপ্রিলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রথম দফা যুদ্ধবিরতি আলোচনা চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।
নিজের পোস্টে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালীতে শনিবার গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করে, তবে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেছেন, “আমরা একটি অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি প্রস্তাব করছি। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে, কারণ যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।” এই মন্তব্যে চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাব স্পষ্ট হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা