চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পর্যটনে কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার তাগিদ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের আঁকাবাঁকা ও দুর্গম পথ পাড়ি দিয়ে চূড়ায় পৌঁছালেই যেন এক অপার্থিব দৃশ্যের দেখা মেলে। সমুদ্র আর পাহাড়ের মিতালিতে ঘেরা সমতল থেকে ১২ শত ফুট উঁচুতে অবস্থিত এই চূড়ায় পৌঁছানোর পর পর্যটকদের সমস্ত ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। হাতে বাঁশের লাঠি আর কাঁধে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার এই কঠিন যাত্রা সফল হয় পাহাড়ের চূড়ায় অবস্থিত বিশাল বটতলার শীতল ছায়ায়।

পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বটতলাটি বর্তমানে পর্যটকদের বিশ্রামের পাশাপাশি স্থানীয় প্রান্তিক মানুষের জীবিকার অনন্য ক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা থেকে আসা পর্যটক রায়হান কবির জানান, দুর্গম পথ পাড়ি দেওয়ার কষ্ট পাহাড়ের চূড়ার নান্দনিক দৃশ্য আর বটতলার স্নিগ্ধতায় মুহূর্তেই দূর হয়ে যায়। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে আসা সাদিয়া রহমান জানান, প্রকৃতির এমন অপরূপ রূপ অতুলনীয়, তবে পর্যটকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকাটির পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

পর্যটকদের চাহিদাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ক্ষুদ্র বাজারে স্থানীয় তরুণেরা ডাব, পাহাড়ি কলা, তরমুজ, পেঁপে ও আনারসের মতো পণ্য বিক্রি করছেন। নিচ থেকে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে এসব পণ্য চূড়ায় বহন করে আনার কষ্ট থাকলেও পর্যটকদের সমাগমই তাদের আয়ের মূল অবলম্বন। স্থানীয় বিক্রেতা হাবিবুর রহমান জানান, মালামাল ওপরে তোলা বেশ কষ্টসাধ্য হলেও পর্যটকদের আগমনে বিক্রি ভালো হওয়ায় পরিবারের খরচে কিছুটা স্বস্তি মিলছে।

এই ক্ষুদ্র বাজারটি কেবল পর্যটকদের তৃষ্ণা মেটাচ্ছে না, বরং বড় ধরনের মূলধন ছাড়াই স্থানীয়দের স্বাবলম্বী হওয়ার নতুন পথ তৈরি করেছে। তবে পর্যটনের দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে পরিবেশ ও ব্যবস্থাপনার ঝুঁকিও বাড়ছে। পাহাড়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন বর্জ্য স্থানীয় পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা নিয়মিত পরিষ্কার করা বেশ চ্যালেঞ্জিং।

ঝুঁকিপূর্ণ খাড়া সিঁড়ি ও পাথুরে পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় সচেতন মহল কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, পর্যাপ্ত দিকনির্দেশনা প্রদান এবং জরুরি চিকিৎসা ও উদ্ধারব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটনকেন্দ্রিক এই সম্ভাবনাময় স্থানটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি জরুরি।

০%
০%
০%
০%