গোসাইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গরীবের চর স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বালক ও বালিকা বিভাগে মোট ২২টি দল অংশগ্রহণ করে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৮ নং ছোয়ালপাড়া নান্নু মুন্সির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে অংশ নেয় ৭৯ নং উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৮ নং ছোয়ালপাড়া নান্নু মুন্সির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রুদ্ধশ্বাস ফাইনাল খেলায় বালিকা বিভাগে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৮৮ নং ছোয়ালপাড়া নান্নু মুন্সির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আর বালক বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ২-০ গোলে জয় লাভ করে পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে ছোট্ট শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। তারা জানায়, এমন আয়োজন তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে।
৩৭ নং দক্ষিণ চরকুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
অন্য এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, “গ্রাম পর্যায়ে এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে শিশুদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে।”
পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও অনুশীলনের ফল। আমরা তাদের নিয়ে গর্বিত এবং আশা করি তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।”
শেষে বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ, উচ্ছ্বাস ও ক্রীড়াসুলভ প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন।