গাজীপুরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে তরুণীর সলিল সমাধি

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে মোছা. নাজমা খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ভারী বর্ষণের ফলে মহাসড়কের ওই এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেলে পথচলার সময় অসাবধানতাবশত নাজমা ম্যানহোলের ভেতরে পড়ে যান। নিহত নাজমা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার লাঙ্গলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও গত ২০২৫ সালের ২৭ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একই রকম একটি অরক্ষিত ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি নামের এক নারী নিখোঁজ হন। দীর্ঘ ৩৬ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর টঙ্গীর শালিকচুঁড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ধারাবাহিকভাবে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন। এ ঘটনায় নিহত নাজমার পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।