জীবন্ত কিংবদন্তির সম্মান—ইন্টার মায়ামির স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-এর প্রতি ব্যতিক্রমধর্মী সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামের একটি অংশ পরিচিত হবে ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে।

বিজ্ঞাপন

সাধারণত কোনো খেলোয়াড় অবসরের পর বা অতীত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে স্ট্যান্ড বা গ্যালারির নামকরণ করা হয়। তবে ৩৮ বছর বয়সী মেসির ক্ষেত্রে সেই প্রচলিত ধারা ভেঙেছে ইন্টার মায়ামি। এখনও সক্রিয় ক্যারিয়ারের মধ্যেই এমন সম্মান পাওয়া বিশ্ব ফুটবলে বিরল ঘটনা।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ঐতিহ্যগতভাবে এমন সম্মান অতীত স্মৃতি ও নস্টালজিয়া থেকে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানকে সামনে রেখে। ক্লাবের ভাষায়, “প্রতিবার মেসি যখন মাঠে নামে, আমরা যে অনুভূতির মধ্য দিয়ে যাই, এটি তারই বহিঃপ্রকাশ।” তারা আরও জানায়, কাউকে স্বীকৃতি দেওয়া মানেই সব সময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়; বরং কখনো এটি সেই অসাধারণ মুহূর্তকে স্বীকার করা, যার সাক্ষী হওয়া যাচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি ফুটবলার। স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭ থেকে ১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭ থেকে ২৩৩ নম্বর সেকশন নিয়ে গড়ে উঠবে ‘লিও মেসি স্ট্যান্ড’।

বিজ্ঞাপন

আগামী ৪ এপ্রিল মেজর লিগ সকার-এ অস্টিন এফসি-এর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচে ‘লিও মেসি স্ট্যান্ড’-এ বসা দর্শকদের জন্য বিশেষ আয়োজন ও ভিন্নধর্মী অভিজ্ঞতার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। তাঁর নেতৃত্বে দলটি জিতেছে লিগস কাপ ২০২৩, সাপোর্টার্স শিল্ড ২০২৪ এবং এমএলএস কাপ ২০২৫। পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছে মায়ামি।

এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল করেছেন মেসি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৩টি গোল। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার এমএলএসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

মেসির জন্য এমন সম্মান অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ২০২৫ সালের জুনে তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ-ও তাদের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করেছিল এই বিশ্বকাপজয়ী তারকার নামে।

সম্পর্কিত- লিওনেল মেসি
0%
0%
0%
0%