ইউরোপা ফাইনালের প্রাক্কালে জার্মানির রাজপথে ক্রিস্টাল প্যালেস ও ভায়েকানো সমর্থকদের সংঘর্ষে উত্তাল বার্লিন

লিপজিগের রাস্তায় ফুটবলীয় উন্মাদনা ছাপিয়ে এবার ছড়াল সহিংসতার কালো ছায়া। ইউরোপীয় কনফারেন্স লিগের ফাইনালকে কেন্দ্র করে ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়োকানোর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জার্মান পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের এই উত্তপ্ত পরিস্থিতিতে দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে।
স্যাক্সন স্টেট পুলিশের ভাষ্যমতে, সন্ধ্যা ৮টার দিকে প্রায় ৩০০ জন রায়ো ভায়োকানো সমর্থক শহরের কেন্দ্রস্থলে জড়ো হন, যাদের আগে থেকেই সম্ভাব্য বিশৃঙ্খলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এক পর্যায়ে ক্রিস্টাল প্যালেসের সমর্থকদের সাথে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। এ সময় সমর্থকদের ছোড়া বোতল ও রেস্তোরাঁর আসবাবপত্রের আঘাতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে পেঙ্গুইন আইস বারের কাছে। সেখানে প্রায় ৬০ জন ক্রিস্টাল প্যালেস সমর্থক জড়ো হয়ে স্প্যানিশ ক্লাবটির সমর্থকদের উসকানি দিতে শুরু করলে ফেডারেল পুলিশ তাদের ঘিরে ফেলে। পুলিশি তৎপরতায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও তিন শতাধিক সমর্থকের পরিচয় যাচাই করা হয়েছে।
চলতি মৌসুমে এটি ক্রিস্টাল প্যালেস এবং রায়ো ভায়োকানোর জন্য প্রথম কোনো ইউরোপীয় ফাইনাল। ক্রিস্টাল প্যালেসের কোচ অলিভার গ্লাজনারের জন্য এটিই বিদায়ী ম্যাচ। জয়ের মাধ্যমে ইংলিশ ক্লাবগুলোর ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনের অংশ হিসেবে ক্রিস্টাল প্যালেস বুধবার মাঠে নামছে। এর আগে অ্যাস্টন ভিলা ইউরোপা লিগের শিরোপা জিতেছে এবং আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি হবে আর্সেনাল। এই বড় ম্যাচগুলোকে ঘিরে ইউরোপের শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।