নীলফামারীর কিশোরগঞ্জে জুয়াড়ি ও মাদকসেবীসহ আটজন গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের দায়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়া খেলার দায়ে অভিযুক্তরা হলেন বাজেডুমরিয়া গ্রামের দিলীপ রায়, সাজু মিয়া, আশরাফুল আলম ওরফে মিলন এবং আশিকুজ্জামান ওরফে অনিক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
একই রাতে উপজেলার কালিকাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনকালে ডালিম মিয়া, সায়েম ইসলাম, সাঈদী ইসলাম ও মনিকুল ইসলামকে আটক করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল এলাকায় জুয়া ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।