Advertisement

দলীয় অবমূল্যায়ন ও অভাবের তাড়নায় ফেনীতে ছাত্রদল নেতার পদত্যাগ

ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইলিয়াস নামের এক ছাত্রদল নেতা। পারিবারিক অসচ্ছলতা ও দলীয় কর্মকাণ্ডে অবমূল্যায়নের অভিযোগ এনে বৃহস্পতিবার তিনি নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পদত্যাগপত্রে ইলিয়াস উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তিনি দলের প্রতিটি কর্মসূচি ও রাজপথের লড়াইয়ে সক্রিয় ছিলেন। তবে বর্তমানে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন বলে দাবি করেন। একদিকে রাজনৈতিক গুরুত্বহীনতা এবং অন্যদিকে তীব্র অর্থনৈতিক সংকটে পরিবারের ভরণপোষণ কঠিন হয়ে পড়ায় তিনি সংগঠনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এদিকে ইলিয়াসের পদত্যাগ নিয়ে পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, দলের ক্ষমতায় থাকাকালীন সময়ে একজন ত্যাগী কর্মীর এ ধরনের বিদায় দলের দায়িত্ববান নেতাদের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

অপরদিকে, এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, ইলিয়াস একজন নিবেদিতপ্রাণ কর্মী এবং কোনো মান-অভিমান থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন। জেলা ছাত্রদলের নেতারা বিষয়টি অবগত হয়েছেন এবং তাকে পুনরায় সংগঠনে ফিরিয়ে আনার জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%