Advertisement

বহিষ্কৃত হয়েও পুনরায় সক্রিয় নবীনগরের নায়লা ইসলাম সাংবাদিককে অশালীন গালিগালাজ নিয়ে তোলপাড়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেত্রী নায়লা ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সকল পর্যায়ের পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করে আলোচনার জন্ম দিয়েছিলেন।

বহিষ্কারাদেশের পর নায়লা ইসলাম ন্যাশনাল কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে মনোনয়ন সংগ্রহের চেষ্টা করেন। মনোনয়ন লাভে ব্যর্থ হওয়ার পর তিনি পুনরায় বিএনপির ব্যানারে এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা চালালে স্থানীয় রাজনীতিতে চরম ধোঁয়াশা তৈরি হয়। বহিষ্কারাদেশ বলবৎ থাকা সত্ত্বেও তিনি কীভাবে এবং কোন কর্তৃত্ববলে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের প্রয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জালাল উদ্দিন মনির নামের একজন সাংবাদিক নায়লা ইসলামের মুঠোফোনে কল করলে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফোন পেয়েই নায়লা ইসলাম ওই সাংবাদিকের মাকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালমন্দ শুরু করেন এবং একজন নারী নেত্রীর চরিত্র হনন করে বক্তব্য দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের সূত্র ধরে নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। একজন পেশাদার সংবাদকর্মী তথ্য যাচাই করতে গিয়ে কেন এমন ন্যক্কারজনক অশালীনতার শিকার হবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নায়লা ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%