Advertisement

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি পরিদর্শন করলেন তিন মন্ত্রী

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে নির্মিত সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আয়োজন সরজমিনে পরিদর্শন করেছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ।

পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম অনুষ্ঠানের নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসূচি ও জনসভাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তারা স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা প্রশাসক খাদেল সাইফুল্লাহ সোহেল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা কটিয়াদী এলাকায় সাজ সাজ রব পড়ে গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে।

আগামীকাল ১৬ আগস্ট আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত জাতীয় মৎস্য দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্টরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করার কাজে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%