AdvertisementAdvertisement

চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠনের ঘোষণা নূরুল ইসলাম বুলবুলের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে একটি পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা জরুরি।

মঙ্গলবার রাতে সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক জনাকীর্ণ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন যে, চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক নাগরিক সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

Advertisement
বিজ্ঞাপন

এ সময় স্থানীয় উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়া এসব জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন করাই এখন সময়ের দাবি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমেই এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা এবং সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা। এছাড়াও সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%