AdvertisementAdvertisement

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর

কুমিল্লা টাউন হল মাঠে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী সমাবেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মন্ত্রী আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অচিরেই এ সংক্রান্ত কঠোরতম আইন প্রণয়ন করা হবে। যুবসমাজকে মাদকের মরণফাঁদ থেকে রক্ষা করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। তিনি নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার মাদকের বিস্তার রোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক কারবারিদের অপতৎপরতা সম্পর্কে মন্ত্রী বলেন, কুমিল্লাকে কোনোভাবেই মাদকের নিরাপদ রুট বা আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। চোরাচালানের পথ ও মহাসড়ক ব্যবহার করে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট করে বলেন, এই অপরাধচক্র ভেঙে দিতে সরকার সর্বশক্তি প্রয়োগ করবে।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে জাকারিয়া তাহের বলেন, কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, গণমাধ্যমকর্মী, ছাত্র সমাজ ও সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি মাদক কারবারিদের চিহ্নিত করে পুলিশকে তথ্য প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান। এ সময় তিনি কুমিল্লা জেলা পুলিশের সাম্প্রতিক সাহসী অভিযানের প্রশংসা করেন।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদসহ আরও অনেকে।

0%
0%
0%
0%