Advertisement

বোয়ালমারীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ: সাবেক নেতা জাকারিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন দলের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির নাম ও দলীয় নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি, হয়রানি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেখ মো. জাকারিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি স্থানীয় গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের জামায়াত নেতা কাজী মো. মনজুরুল হকের ছেলে এবং নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে এসব অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি। সংগঠনটির শীর্ষ নেতাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ মো. জাকারিয়ার সঙ্গে বর্তমানে বিএনপির কোনো পর্যায়ের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি উপজেলার কোনো বিএনপি সংগঠনের পদধারী নন। অথচ তিনি দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছেন এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে হয়রানি করছেন। ভবিষ্যতে তাকে দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক ইমরান শেখ যৌথভাবে এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এ ধরনের অসাধু কর্মকাণ্ডের মাধ্যমে যারা দলের সুনাম নষ্ট করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%