প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরে জামায়াত নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান আখতারুজ্জামান রঞ্জনের

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির বর্তমান নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার দুপুরে গচিহাটা বাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর সরকারি কর্মসূচি, তাই কোনো দাওয়াতের অপেক্ষা না করেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে।
আখতারুজ্জামান রঞ্জন তার বক্তব্যে নব্বইয়ের দশকের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরের মাধ্যমেই গচিহাটার উন্নয়ন ও উপশহর হিসেবে রূপান্তরের সূচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সরকারি খরচে এই অনুষ্ঠান পরিচালনা করবেন, তাই কোনো অবস্থাতেই জনগণের কাছ থেকে চাঁদা তুলে ব্যয়ভার বহন করা যাবে না।
এদিকে সরকারি অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আখতারুজ্জামান রঞ্জন। তিনি দাবি করেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় তহবিলের অভাব থাকায় স্থানীয় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চলছে, যা ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় প্রতিমন্ত্রী শরিফুল আলমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের এই ব্যয়ভার জনগণের ওপর চাপিয়ে না দিয়ে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে তিনি ব্যবসায়ীদের ওপর চলমান চাপ বন্ধের দাবি জানান। এ সময় মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক মুসল্লি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
