Advertisement

মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়নের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর মহানগরী। এই বক্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

শাপলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির এটিএম আজম খান এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে যে, রংপুরের মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হওয়ায় এই অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দ বা ভোটাধিকারকে গুলিয়ে ফেলা সাংবিধানিক অধিকার ও রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতাকে খাটো করার শামিল।

বিজ্ঞাপন

সমাবেশে নেতারা আরও উল্লেখ করেন, জনগণ কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে তা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার এবং এর ওপর ভিত্তি করে কোনো অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের মূল দায়িত্ব হলো দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের মানুষের সুষম উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান।

রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার দাবি তোলা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল গনি ও কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে নগরীর সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%