ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভায় পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বীকৃতি ও উন্নয়ন প্রস্তাব পাস

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানিয়ে ক্যালিফোর্নিয়া স্টেট সিনেট একটি ঐতিহাসিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এই প্রস্তাবের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক কাঠামোতে পাকিস্তান-আমেরিকান প্রবাসীদের অনস্বীকার্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। সিনেটর মেলিসা হার্টাডোর উপস্থাপিত এই প্রস্তাবটি দুই দেশের মধ্যকার নিবিড় বন্ধনকে উদযাপনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকদের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেছে।
প্রস্তাবটির সফল বাস্তবায়নে ড. ইমরান শরিফের নেতৃত্বাধীন কাউন্সিল অব পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ এই উদ্যোগের জন্য সিনেটর হার্টাডোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই স্বীকৃতি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পথকে আরও সুগম করবে।
ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলিও পাকিস্তান ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। অ্যাসেম্বলি সদস্য ম্যাট হেনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখের নানামুখী উদ্যোগ ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে পাকিস্তানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখের ক্যালিফোর্নিয়া সফরকালে আয়োজিত একাধিক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সিনেটর এলোইস গোমেজের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে সিনেটর গোমেজ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত শেখ উভয় পক্ষকে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
সফরকালে অ্যাসেম্বলি সদস্য ম্যাট হেনি এবং শ্যারন কোয়ার্ক-সিলভার সঙ্গে এক বিশেষ মধ্যাহ্নভোজে মিলিত হন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিভিন্ন পর্যায়ে সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে এই আলোচনা ও মতবিনিময় পাকিস্তান ও ক্যালিফোর্নিয়ার মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
