জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারে জোর দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। বুধবার ইসলামাবাদে বিদায়ী সাক্ষাতে আসা পাকিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মোহাম্মদ ইয়াহইয়ার সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উল্লেখ করেন যে, জাতিসংঘের সঙ্গে বহুমুখী ও নিবিড় সহযোগিতাকে পাকিস্তান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে একযোগে কাজ করার ক্ষেত্রে পাকিস্তানের অটল প্রতিশ্রুতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভয়াবহ দুর্যোগের সময় মানবিক সহায়তা সমন্বয় এবং পাকিস্তানকে সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয় বা ওসিএইচএ-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে এবং সরকারি উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যে ওসিএইচএ-এর সঙ্গে এ সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘লিভিং ইন্দাস ইনিশিয়েটিভ’ এবং ‘রিচার্জ পাকিস্তান’-এর মতো প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, উন্নয়ন ও জলবায়ু অর্থায়ন নিশ্চিতে জাতিসংঘের অব্যাহত সহায়তা অত্যন্ত জরুরি। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো ২০২৭-এর আওতায় পাকিস্তান ও জাতিসংঘ যৌথভাবে অভীষ্ট লক্ষ্য অর্জনে আরও অগ্রসর হবে।
বিদায়ী সাক্ষাতে মোহাম্মদ ইয়াহইয়া প্রেসিডেন্টকে অবহিত করেন যে, তিনি জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয়ের সহকারী মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এবং আগামী মাসে তিনি এই পদে যোগ দেবেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
