বেলুচিস্তানে বিস্ফোরণে ১৮ জঙ্গি নিহত, নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাব জেলায় বিস্ফোরক তৈরির সময় দুর্ঘটনাবশত ভয়াবহ বিস্ফোরণে ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত আট সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর তথ্যানুযায়ী, বুধবার সকালে সন্ত্রাসীরা একটি গাড়িতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক স্থাপনের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই আকস্মিক বিস্ফোরণের ধাক্কায় পাশের একটি গুদামে থাকা অতিরিক্ত বিস্ফোরকের গুদামও বিস্ফোরিত হয়, যাতে তিন সাধারণ নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে।
এই ঘটনার পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। অভিযান চলাকালে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে নিরাপত্তা বাহিনী তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। আইএসপিআর-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সংঘর্ষে ফিতনা আল হিন্দুস্তানের আরও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। সব মিলিয়ে এই পৃথক দুটি ঘটনায় মোট ১৮ জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে এবং তীব্র গোলাগুলির মধ্যে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।
বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবশিষ্ট আস্তানা শনাক্ত ও নির্মূল করতে ব্যাপক তল্লাশি ও স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই ঘটনাটি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। দেশটির নীতিনির্ধারকরা বলছেন, বিদেশি ইন্ধন ও সহায়তায় পরিচালিত যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় তারা বদ্ধপরিকর।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানগুলো ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজমে ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে, যা জাতীয় কর্মপরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদ নির্মূলে চলমান এই লড়াই পূর্ণ গতিতে অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশি প্ররোচনায় সৃষ্ট এই সন্ত্রাসবাদী হুমকি পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
