রংপুরের উন্নয়নকে দলীয় আনুগত্যের সঙ্গে যুক্ত করার মন্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

রংপুরের কোনো অঞ্চলের উন্নয়নকে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য বা ভোটের সঙ্গে সম্পৃক্ত করা অগণতান্ত্রিক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। মঙ্গলবার রাতে রংপুর জেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। এর আগে ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী রংপুরের মানুষের ভোটাধিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, মন্ত্রী তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে, বিএনপিকে ভোট না দেওয়ার কারণেই রংপুর অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এমন বক্তব্য রংপুরের জনগণের রাজনৈতিক সচেতনতা ও সাংবিধানিক অধিকারকে চরমভাবে খাটো করার নামান্তর। জনগণের ভোটাধিকার প্রয়োগ কোনো সরকার বা রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের শর্ত হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দের কোনো সম্পর্ক থাকতে পারে না। একটি দায়িত্বশীল সরকারের প্রধান দায়িত্ব দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। উন্নয়নকে রাজনৈতিক শর্তের বেড়াজালে আবদ্ধ করা হলে তা বৈষম্যকে আরও উসকে দেবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রংপুরের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। সরকার যেন উন্নয়নের প্রতিশ্রুতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে দল-মত নির্বিশেষে রংপুরের মানুষের ন্যায্য অধিকার পূরণে সচেষ্ট হয়, সেই আহ্বান জানান উপস্থিত নেতারা। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
