সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের তিন প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড় গ্রামের শামীম হোসেন, খাজুরার শ্রীপুর পাড়ার সাব্বির আহমেদ শুভ এবং মহিশডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল হৃদয়। গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কর্মসংস্থানের আশায় বিদেশ গিয়ে তিন যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রহিম নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর থেকেই নিহত তিন প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সরকারি সহায়তার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
