ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন গো-হাটা মোড়ে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সংঘটিত এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সুবহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এম.কে সুপার পরিবহনের একটি বাস বিকেল চারটার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি ধানবাহী ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোস্তফা কামালের ওপর উঠে যায় এবং তিনি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতক চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
