জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রাম উত্তর জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৭২ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত এই কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে এবিএস মোরশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রুবেল আনসারী ও অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ মোট ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের চলমান আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলায় দলকে অগ্রণী ভূমিকায় রাখার লক্ষ্য নিয়েই নতুন এই নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আগামী দিনে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা হবে বলেও আশাবাদ জানিয়েছেন তারা।
