সুনামগঞ্জে ফুটপাত দখল ও যানজটের বিরুদ্ধে পৌরসভার উচ্ছেদ অভিযান, জরিমানা ৩১ হাজার টাকা

সুনামগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। সোমবার দুপুর দুইটায় শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় এই উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ অভিযানে সরাসরি নেতৃত্ব প্রদান করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা, কোনো ধরনের নিবন্ধন ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে অনিয়ম ও অবৈধ দখলের দায়ে মোট ১৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ১৮ জনকে অভিযুক্ত করে সর্বমোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং বেশ কিছু অবৈধ মালামাল জব্দ করা হয়।

অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক জানান, যানজট নিরসনের লক্ষ্যেই এই অনিবন্ধিত অটোরিকশা আটক ও জরিমানা করা হয়েছে এবং সড়কের দুপাশের অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখলমুক্ত রাখতে সেখানে স্থায়ীভাবে পৌরসভার স্টাফ মোতায়েন রাখা হবে এবং একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়তে তিনি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

০%
০%
০%
০%